ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) সম্পূর্ণ জবাবদিহিমূলক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (১১ মে) আগারগাঁওয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনো ধরনের সিন্ডিকেট বা কারসাজি যাতে কার্যকর হতে না পারে, সে লক্ষ্যে সরকার কৌশলগত মজুত গঠন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণ এবং টিসিবির সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ভর্তুকিমূল্যে খাদ্যপণ্য পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। এ উদ্দেশ্যে সারা বছর নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি বিশেষ উৎসবগুলোতে ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মন্ত্রী জানান, গত রমজানে ২ কোটি ২৮ লাখ উপকারভোগীর কাছে ভর্তুকিমূল্যে পণ্য পৌঁছানো হয়েছিল। এবার সেই সংখ্যা বাড়িয়ে ২ কোটি ৮৮ লাখে উন্নীত করা হচ্ছে। একইসঙ্গে গত ঈদুল আজহায় যেখানে ১০ হাজার ৯০০ টন পণ্য বিতরণ করা হয়েছিল, এবার তা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি করে প্রায় ১৪ হাজার টনে উন্নীত করা হয়েছে।
তিনি বলেন, বিশেষ পরিস্থিতি, উৎসব বা বাজারে অস্বাভাবিক চাপের সময় প্রয়োজন অনুযায়ী টিসিবির ট্রাকসেল কার্যক্রম চলমান থাকবে। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বদা প্রস্তুত।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, আগে এক কোটি উপকারভোগীর তালিকায় থাকা অনেক তথ্য যাচাইয়ে অসঙ্গতিপূর্ণ পাওয়া যায়। যাচাই-বাছাই শেষে এখন স্বচ্ছ প্রক্রিয়ায় ৮০ লাখ প্রকৃত উপকারভোগী নির্ধারণ করা হয়েছে এবং ধাপে ধাপে আরও ২০ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে।
টিসিবির ডিলার নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষায়, টিসিবিকে সম্পূর্ণ জবাবদিহিমূলক, প্রশ্নহীন ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে পরিণত করার কাজ চলছে।
তিনি আরও বলেন, নির্দিষ্ট কিছু নিত্যপণ্যের রাষ্ট্রীয় কৌশলগত মজুত গড়ে তোলা হবে। আমদানি থেকে খুচরা পর্যায় পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থা এআইভিত্তিক ডিজিটাল মনিটরিংয়ের আওতায় আনা হবে, যাতে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান এবং স্বাগত বক্তব্য দেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ। পরে মন্ত্রী ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।